Requirements not met
Your browser does not meet the minimum requirements of this website. Though you can continue browsing, some features may not be available to you.
Browser unsupported
Please note that our site has been optimized for a modern browser environment. You are using »an unsupported or outdated software«. We recommend that you perform a free upgrade to any of the following alternatives:
Using a browser that does not meet the minimum requirements for this site will likely cause portions of the site not to function properly.
Your browser either has JavaScript turned off or does not support JavaScript.
If you are unsure how to enable JavaScript in your browser, please visit wikiHow's »How to Turn on Javascript in Internet Browsers«.
Language / ভাষা:
আন্তর্জাতিক
সুদানের হাসপাতালে হামলায় নিহত ৬৪, আহত ৮৯: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
- Details
ঢাকা, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : সুদানের একটি হাসপাতালে হামলায় ৬৪ জন নিহত ও আরও ৮৯ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ১৩ জন শিশু রয়েছে। শনিবার এ তথ্য জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।
খবর, বার্তা সংস্থা এএফপি’র।
ডব্লিউএইচও’র প্রধান টেড্রোস আধানম গেব্রিয়েসুস জানান, গত শুক্রবার পূর্ব দারফুরের রাজধানী এল-দাইন শহরের এল-দাইন টিচিং হাসপাতালে এই হামলা চালানো হয়।
তিনি বলেন, ‘যথেষ্ট রক্ত ঝরেছে।’ এসময় প্রায় তিন বছর ধরে চলা এই সংঘাত বন্ধের আহ্বান জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে তিনি জানান, হামলায় নিহতদের মধ্যে ১৩ জন শিশু, দুইজন নারী নার্স, একজন পুরুষ চিকিৎসক এবং একাধিক রোগী রয়েছেন।
সুদানের মানবাধিকার সংস্থা ইমার্জেন্সি লয়ার্স দাবি করেছে, হাসপাতালটিতে সেনাবাহিনীর ড্রোন হামলা চালানো হয়েছে।
আধাসামরিক র্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) পশ্চিম সুদানের বিস্তীর্ণ দারফুর অঞ্চলে আধিপত্য বিস্তার করে আছে। অন্যদিকে সেনাবাহিনী পূর্ব, মধ্য ও উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে।
টেড্রোস বলেন, হামলায় আটজন স্বাস্থ্যকর্মী আহত হওয়ায় হাসপাতালের শিশু, প্রসূতি ও জরুরি বিভাগের সেবা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তিনি জানান, ব্যাপক ক্ষয়ক্ষতির কারণে হাসপাতালটি এখন অকার্যকর হয়ে পড়েছে। ফলে অত্যাবশ্যকীয় চিকিৎসা সেবা মারাত্মকভাবে ব্যাহত হয়েছে।
ডব্লিউএইচও স্থানীয় স্বাস্থ্য অংশীদারদের সহায়তা দিচ্ছে। এর মধ্যে রয়েছে অন্যান্য স্বাস্থ্যকেন্দ্রের সক্ষমতা বাড়ানো, আহতদের চিকিৎসা সক্ষমতা বৃদ্ধি এবং ট্রমা কেয়ারের সরঞ্জাম ও জরুরি ওষুধ সরবরাহ।
আরএসএফ নিয়ন্ত্রিত এল-দাইন শহরটি সুদানের সেনাবাহিনীর নিয়মিত আক্রমণের শিকার হচ্ছে।
সেনাবাহিনী আধাসামরিক বাহিনীকে দারফুরের শক্ত ঘাঁটিগুলো থেকে সরিয়ে সুদানের কেন্দ্রীয় করিডোর থেকে দূরে ঠেলে দিতে চেষ্টা করছে।
চলতি মাসের শুরুতে শহরের একটি বাজারে চালানো সর্বশেষ হামলায় তেলের ব্যারেলে আগুন ধরিয়ে দেওয়া হয়, যা ঘণ্টার পর ঘণ্টা জ্বলতে থাকে।
স্বাস্থ্যসেবার ওপর হামলা পর্যবেক্ষণে ডব্লিউএইচও’র নজরদারি ব্যবস্থা (এসএসএ) এসব ঘটনা গণনা ও যাচাই করে। তবে এটি কোনো তদন্তকারী সংস্থা নয় তাই কাউকে দায়ী করে না।
সুদানে জাতিসংঘের মানবিক সহায়তা দপ্তর বলেছে, তারা ‘এই হামলায় স্তম্ভিত’।
জাতিসংঘের বারবার নিন্দা সত্ত্বেও, ২০২৩ সালের এপ্রিলে শুরু হওয়া এই যুদ্ধ জুড়ে হাসপাতালগুলো নিয়মিত হামলার শিকার হচ্ছে।
এই হামলার পর সংঘাত চলাকালে স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোর ওপর হামলায় নিহতের সংখ্যা ২ হাজার ছাড়িয়েছে।
ডব্লিউএইচও’র এসএসএ তথ্য অনুযায়ী, এ ধরনের ২১৩টি হামলায় এখন পর্যন্ত ২ হাজার ৩৬ জন নিহত হয়েছেন।
টেড্রোস বলেন, প্রাণহানির পাশাপাশি স্বাস্থ্যসেবার ওপর হামলা তাৎক্ষণিক ও দীর্ঘমেয়াদে মারাত্মক প্রভাব ফেলে। এতে এমন কমিউনিটিগুলো আরও বিপদে পড়েছে, যারা আগে থেকেই জরুরি ও নিয়মিত চিকিৎসা সেবার সংকটে রয়েছে।
তিনি বলেন, ‘স্বাস্থ্যসেবা কখনোই লক্ষ্যবস্তু হওয়া উচিত নয়। শান্তিই সর্বোত্তম ঔষধ।’
এসএসএ’র তথ্য অনুযায়ী, সুদানে স্বাস্থ্যসেবার ওপর হামলা প্রতি বছরই বাড়ছে।
২০২৩ সালে ৬৪টি হামলায় ৩৮ জন নিহত হন। ২০২৪ সালে ৭২টি হামলায় ২০০ জন মারা যান।
২০২৫ সালে ৬৫টি হামলায় নিহত হন ১ হাজার ৬২০ জন- যা বিশ্বব্যাপী স্বাস্থ্যসেবার ওপর হামলায় মোট মৃত্যুর ৮২ শতাংশ।
ডব্লিউএইচও’র স্বাস্থ্য নিরাপত্তা ও জরুরি পরিস্থিতি বিভাগ (এসএসএ) জানায়, শুক্রবারের হামলায় ভারী অস্ত্র ব্যবহার করা হয়েছে। এতে হাসপাতাল, কর্মী ও রোগীদের পাশাপাশি চিকিৎসা সরঞ্জাম ও মজুত সামগ্রীও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সুদানে প্রায় প্রতিদিন ড্রোন হামলা হচ্ছে। এসব হামলায় একসঙ্গে অনেক মানুষ নিহত হচ্ছেন, বিশেষ করে দক্ষিণ কর্ডোফান অঞ্চলে।
জাতিসংঘের মানবাধিকার প্রধান ভলকার তুর্ক জানান, আট দিনের মধ্যে ড্রোন হামলায় ২০০ জনের বেশি সাধারণ জনগণ নিহত হওয়ায় তিনি গভীরভাবে উদ্বিগ্ন ও হতবাক।
তিনি বলেন, সংঘাতে জড়িত পক্ষগুলো জনবহুল এলাকায় ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে বিস্ফোরক বহনকারী শক্তিশালী ড্রোন ব্যবহার করছে।
সারাদেশে এই যুদ্ধে হাজার হাজার মানুষ নিহত হয়েছে এবং ১ কোটি ১০ লাখের বেশি মানুষ গৃহহীন হয়েছে।
জাতিসংঘের ভাষায়, এটি বিশ্বের সবচেয়ে বড় বাস্তুচ্যুতি যা ক্ষুধা সংকটকে আরও তীব্র করেছে। এখানে বর্তমানে ৩ কোটি ৩০ লাখের বেশি মানুষের মানবিক সহায়তা প্রয়োজন।
টেড্রোস বলেন, ‘যথেষ্ট রক্তপাত হয়েছে। দুর্ভোগ পোহাতে হয়েছে।’
তিনি বলেন, ‘সুদানে সংঘাতের তীব্রতা কমাতে হবে এবং বেসামরিক নাগরিক, স্বাস্থ্যকর্মী ও মানবাধিকার কর্মীদের সুরক্ষা নিশ্চিত করতে হবে।’
বিচারব্যবস্থা সংস্কার নিয়ে ইতালিতে গণভোট শুরু
- Details
ঢাকা, ২২ মার্চ, ২০২৬ (বাসস) : ইতালিতে বিচারব্যবস্থা সংস্কারের বিষয়ে দুই দিনব্যাপী গণভোট আজ রোববার থেকে শুরু হয়েছে।
দেশটির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি দাবি করেন, এই সংস্কারের মাধ্যমে বিচারব্যবস্থা আরও স্বাধীন ও কার্যকর হবে। তবে সমালোচকদের মতে, এতে বিচার বিভাগের স্বাধীনতা হ্রাস পেতে পারে।
খবর বার্তা সংস্থা এএফপি’র।
এই গণভোট শুধু সংস্কার প্রক্রিয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়। এটি আগামী নির্বাচনের আগে প্রধানমন্ত্রী মেলোনির জনপ্রিয়তা ও নেতৃত্বের জন্য একটি বড় পরীক্ষা হিসেবেও বিবেচিত হচ্ছে।
মেলোনির সরকার বিচারক ও প্রসিকিউটরের কার্যক্রম আলাদা করার পাশাপাশি তাদের নিয়ন্ত্রণ ও তদারকি ব্যবস্থায় পরিবর্তন আনতে সংবিধান সংশোধনের পরিকল্পনা করেছে।
প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি বলেন, এই পরিকল্পনা বিচারব্যবস্থার নিরপেক্ষতা নিশ্চিত করতে এবং ইতালির দীর্ঘদিনের জীর্ণ ও অকার্যকর বিচারব্যবস্থার কার্যকারিতা বাড়াতে অত্যন্ত প্রয়োজনীয়।
এক ভিডিও বার্তায় তিনি বলেন, ‘এই সংস্কারের ফলে বিচারব্যবস্থা হবে আরও আধুনিক, মেধাভিত্তিক, স্বায়ত্তশাসিত, জবাবদিহিমূলক এবং রাজনৈতিক প্রভাবমুক্ত যা সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
তবে সমালোচকরা বলছেন, এটি মূলত রাজনৈতিক ক্ষমতা দখলের একটি উদ্যোগ। তাদের মতে, এই সংস্কার দীর্ঘদিন ধরে চলা মামলার জট ও কারাগারে অতিরিক্ত বন্দির চাপের মতো বাস্তব সমস্যার সমাধান করছে না।
লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরাইল
- Details
ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : ইসরাইলি সেনাবাহিনী শুক্রবার লেবাননে হিজবুল্লাহর অস্ত্রভাণ্ডার ও একটি প্রশিক্ষণ কমপ্লেক্সসহ একাধিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে বলে জানিয়েছে।
জেরুজালেম থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
ইসরাইলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়, হিজবুল্লাহ কর্তৃক ইসরাইলের বিরুদ্ধে সন্ত্রাসী হামলা চালানোর জন্য ব্যবহৃত বেশ কিছু অস্ত্রভাণ্ডার ও সন্ত্রাসী অবকাঠামোতে হামলা চালানো হয়েছে।
২০২৪ সালের নভেম্বরের যুদ্ধবিরতি চুক্তির মাধ্যমে ইসরাইল ও ইরান-সমর্থিত হিজবুল্লাহ গোষ্ঠীর মধ্যে এক বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের অবসান হওয়ার কথা থাকলেও, ইসরাইল লেবাননে হামলা অব্যাহত রেখেছে এবং কৌশলগত বলে বিবেচিত পাঁচটি এলাকায় সেনা মোতায়েন রেখেছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের রিপোর্ট অনুযায়ী যুদ্ধবিরতির পর থেকে ইসরাইলি হামলায় লেবাননে ৩৪০ জনের বেশি নিহত হয়েছে।
শুক্রবারের হামলার এক দিন আগেও সিরিয়া সীমান্তের কাছে ও দক্ষিণ লেবাননে ইসরাইলি হামলায় তিনজন নিহত হয়।
বৃহস্পতিবার ইসরাইলি সেনাবাহিনী জানিয়েছিল, লেবাননে এক হামলায় তারা তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী ইরানের অভিজাত কুদস ফোর্সের এক সদস্যকে হত্যা করেছে।
শুক্রবার ইসরাইলি সেনাবাহিনী আরও জানায়, তারা হিজবুল্লাহর বেশ কয়েকটি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে এবং সতর্ক করেছে যে, ইসরাইল রাষ্ট্রের জন্য সৃষ্ট যেকোনো হুমকি তারা নিশ্চিহ্ন করে দেবে।
যুক্তরাষ্ট্রের তীব্র চাপ ও ইসরাইলি হামলা বিস্তৃত হওয়ার আশঙ্কার মধ্যে লেবানন সরকার সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল থেকে শুরু করে হিজবুল্লাহকে নিরস্ত্র করার অঙ্গীকার করেছে।
লেবাননের সেনাবাহিনী জানিয়েছে, ইসরাইল সীমান্ত থেকে প্রায় ৩০ কিলোমিটার দূরে লিতানি নদীর দক্ষিণাঞ্চলে নিরস্ত্রীকরণ কার্যক্রম বছরের শেষ নাগাদ সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে।
তবে ইসরাইল লেবাননের সেনাবাহিনীর কার্যকারিতা নিয়ে প্রশ্ন তুলেছে এবং হিজবুল্লাহ পুনরায় অস্ত্র সংগ্রহ করছে বলেও অভিযোগ করেছে। অন্যদিকে, হিজবুল্লাহ তাদের অস্ত্র সমর্পণের আহ্বান প্রত্যাখ্যান করেছে।
নতুন দুর্নীতি মামলায় নাজিব রাজাকের আরও ১৫ বছরের কারাদণ্ড
- Details
ঢাকা, ২৬ ডিসেম্বর, ২০২৫ (বাসস) : রাষ্ট্রীয় বিনিয়োগ তহবিল ওয়ানএমডিবি (১এমডিবি)-সংক্রান্ত দুর্নীতিতে নতুন করে দোষী সাব্যস্ত হওয়ায় মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রাজাককে আরও ১৫ বছরের কারাদণ্ড দিয়েছেন দেশটির একটি আদালত। শুক্রবার ক্ষমতার অপব্যবহার ও অর্থ পাচারের অভিযোগে তাকে দোষী সাব্যস্ত করে এ রায় দেন বিচারক কলিন লরেন্স সেকুয়েরাহ।
পুত্রাজায়া থেকে এএফপি জানায়, আদালত নাজিবকে ১১৪০ কোটি মালয়েশীয় রিঙ্গিত (প্রায় ২৮০ কোটি ডলার) অর্থদণ্ডেও দণ্ডিত করেন। এক দশকেরও বেশি আগে এখন বিলুপ্ত ১এমডিবি থেকে বিপুল অঙ্কের অর্থ লুটে নেওয়ার ঘটনায় তার ভূমিকার জন্য এ সাজা দেওয়া হয়।
এর আগে আলাদা একটি ১এমডিবি মামলায় দোষী সাব্যস্ত হয়ে নাজিব ছয় বছরের কারাদণ্ড ভোগ করছেন। বিচারক জানান, নতুন করে দেওয়া ১৫ বছরের সাজা আগের সাজার মেয়াদ শেষ হওয়ার পর কার্যকর হবে।
৭২ বছর বয়সী নাজিবের বিরুদ্ধে ক্ষমতার অপব্যবহারের চারটি এবং অর্থ পাচারের ২১টি অভিযোগ প্রমাণিত হয়। এসব অভিযোগে প্রায় ২২৮ কোটি মালয়েশীয় রিঙ্গিত (প্রায় ৫৫ কোটি ৪০ লাখ ডলার) সংশ্লিষ্ট ছিল।
রায় ঘোষণার সময় নীল স্যুট ও সাদা শার্ট পরা নাজিবকে আসনে হেলান দিয়ে নিচের দিকে তাকিয়ে থাকতে দেখা যায়। প্রায় আট ঘণ্টার দীর্ঘ শুনানি শেষে রায় পড়েন বিচারক।
মালয়েশিয়ার অন্যতম প্রতিষ্ঠাতা নেতার পুত্র নাজিব অল্প বয়স থেকেই নেতৃত্বের জন্য প্রস্তুত ছিলেন। তবে দুর্নীতি কেলেঙ্কারিকে কেন্দ্র করে জনরোষের মুখে পড়ে তিনি ২০১৮ সালের নির্বাচনে ক্ষমতা হারান। এরপর ধারাবাহিক তদন্তে নাজিব ও তার স্ত্রী রসমাহ মানসুরের বিরুদ্ধে একাধিক দুর্নীতির অভিযোগ ওঠে।
কৌঁসুলিরা বলেন, প্রধানমন্ত্রী, অর্থমন্ত্রী ও ১এমডিবির উপদেষ্টা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনকালে নাজিব নিজের ক্ষমতার অপব্যবহার করে তহবিলের বিপুল অর্থ ব্যক্তিগত ব্যাংক হিসাবে সরিয়ে নেন। তদন্তকারীদের মতে, ওই অর্থ দিয়ে উচ্চমূল্যের সম্পত্তি, বিলাসবহুল ইয়ট এবং মোনে ও ভ্যান গঘের চিত্রকর্মসহ দামী শিল্পকর্ম কেনা হয়।
নাজিবের আইনজীবীরা দাবি করেন, তার ঘনিষ্ঠ সহযোগী ও রহস্যময় ব্যবসায়ী লো তায়েক জো (জো লো) তাকে প্রতারিত করেছিলেন। তবে বিচারক এই যুক্তি নাকচ করে বলেন, প্রমাণে স্পষ্ট, জো লো ১এমডিবির কার্যক্রমে নাজিবের ‘প্রক্সি বা প্রতিনিধি’ হিসেবে কাজ করেছেন। তিনি প্রতিরক্ষার যুক্তিকে ‘অগ্রহণযোগ্য’ বলে মন্তব্য করেন।
নাজিবের আইনজীবী মুহাম্মদ শাফি আবদুল্লাহ জানান, তারা এ রায়ের বিরুদ্ধে আপিল করবেন। তার অভিযোগ, বিচারক ‘গুরুতর ভুল’ করেছেন।
২০০৯ সালে প্রধানমন্ত্রী হওয়ার পরপরই নাজিব ১এমডিবি চালু করেন। অভিযোগ রয়েছে, কোনো আনুষ্ঠানিক পদ না থাকলেও জো লো তহবিল গঠনে সহায়তা করেন এবং গুরুত্বপূর্ণ আর্থিক সিদ্ধান্তে প্রভাব রাখেন। ধারণা করা হয়, ২০০৯ থেকে ২০১৫ সালের মধ্যে ১এমডিবি থেকে ৪৫০ কোটি ডলারের বেশি অর্থ আত্মসাৎ করা হয়। পলাতক জো লো এখনও ধরা পড়েননি।
বিচারক মধ্যপ্রাচ্যের দাতাদের, এমনকি প্রয়াত সৌদি বাদশাহ আবদুল্লাহর নাম জড়িয়ে অর্থপ্রবাহের ব্যাখ্যাও নাকচ করে বলেন, এটি ‘আরব্য রজনীর গল্পকেও ছাড়িয়ে যায়’।
নাজিব দুঃখ প্রকাশ করে বলেছেন, তার মেয়াদে ১এমডিবি কেলেঙ্কারি ঘটতে দেওয়ার জন্য তিনি অনুতপ্ত। তবে তিনি ধারাবাহিকভাবে সব ধরনের অনিয়মের কথা অস্বীকার করে আসছেন।
- Additional Resources:
- Additional Resources:
- Agro-Ocean
- Asian News and Views
- Bangabandhu Development and Research Institute
- Bangladesh North American Journalists Network
- Bangladesh Heritage and Ethnic Society of Alberta (BHESA)
- Coastal 19
- Delwar Jahid's Biography
- Diverse Edmonton
- Dr. Anwar Zahid
- Edmonton Oaths
- Mahinur Jahid Memorial Foundation (MJMF)
- Motherlanguage Day in Canada
- Samajkantha News
- Step to Humanity Bangladesh






